মংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের কমিটি বৈধতার পর্যালোচনা ও তদন্তের অনুরোধ

 বরাবর,

ডিরেক্টর এন্ড রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন

ডিভিশনাল লেবার ডিপার্টমেন্ট,

খুলনা।


বিষয়: মংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের কমিটি বৈধতার পর্যালোচনা ও তদন্তের অনুরোধ।


জনাব,


নম্র বিনীত নিবেদন এই যে, মংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘে ( রেজি নং- ২১৪৩)  গত ১৬ বছর ধরে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবং সংগঠনের সদস্য অন্তর্ভুক্তিকরণের কোনো কার্যক্রমও পরিচালিত হয়নি। এমন পরিস্থিতিতে দীর্ঘ সময় ধরে শ্রমিক-কর্মচারীরা নিজেদের স্বার্থের বিপরীতে একটি অবৈধ কমিটির শোষণ ও নির্যাতনের শিকার হয়ে আসছে।


সম্প্রতি ৫ আগস্ট ২০২৪-এ ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পর দেশ কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরেছে এবং এর প্রভাবে এই অবৈধ কমিটির প্রভাবশালী সদস্যরা নিজেদের অবস্থান ঝুঁকির মধ্যে দেখতে পাচ্ছে। তাই তারা দ্রুত একটি পূর্ণাঙ্গ কমিটি প্রদর্শন করে এবং বিগত সময়ে মিথ্যে নির্বাচন ও সদস্য অন্তর্ভুক্তি করা হয়েছে মর্মে কিছু জাল নথিপত্র প্রস্তুত করে "ডিরেক্টর এন্ড রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন, খুলনা" বরাবর অনুমোদন চেয়ে আবেদন করেছে।


এই প্রসঙ্গে আমাদের গভীর উদ্বেগের সাথে জানাতে চাই যে, এই ধরনের অবৈধ কার্যকলাপের মাধ্যমে শ্রমিক-কর্মচারীদের মৌলিক অধিকার ক্ষুন্ন হচ্ছে এবং প্রকৃত সদস্যদের ন্যায্য অধিকার হরণের প্রচেষ্টা চলছে। সঠিক নির্বাচন না করে এবং প্রকৃত সদস্য অন্তর্ভুক্তির প্রক্রিয়া অনুসরণ না করেই তারা নিজেদের স্বার্থ রক্ষা করছে, যা শ্রমিকদের জন্য অনৈতিক এবং অন্যায়।


অতএব, জনাবের নিকট বিনীত প্রার্থনা, মংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের এই তথাকথিত পূর্ণাঙ্গ কমিটির বৈধতা সম্পর্কে একটি স্বতন্ত্র পরিদর্শন ও তদন্ত কার্যক্রম পরিচালনা করার জন্য। অনুগ্রহপূর্বক সরেজমিন পরিদর্শনে এসে, প্রকৃত অর্থে নির্বাচন হয়েছে কিনা এবং সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা, এই বিষয়গুলি খতিয়ে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এছাড়া, তাদের জমাকৃত নথিপত্রের বৈধতা সম্পর্কে একটি সুস্পষ্ট পর্যালোচনা ও যাচাই করার জন্য অনুরোধ করছি যেন অবৈধ কমিটি কোনোরূপ অনুমোদন না পায় এবং শ্রমিক-কর্মচারীদের প্রকৃত অধিকার সংরক্ষণ হয়।


আপনার সদয় মনোযোগ এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি।


বিনীত,

মোঃ তিতুমীর চোকদার

সাধারন শ্রমিকদের পক্ষে। 

মংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ

মোবঃ- 01918537546

১২ নভেম্বর ২০২৪

Comments