জুলাই-সেপ্টেম্বর তিন মাসে রাজস্ব ঘাটতি ২৫ হাজার ৫৯৭ কোটি টাকা। দায় কার? তবে দেশ কি দিউলিয়ার পথে?
দেশের রাজস্ব আদায়ে গত জুলাই ও আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের প্রভাব পড়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ হিসাবে দেখা গেছে, চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম তিন মাস জুলাই-সেপ্টেম্বরে সার্বিকভাবে শুল্ক ও কর আদায়ে ঘাটতি হয়েছে ২৫ হাজার ৫৯৭ কোটি টাকা। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর কোনো মাসেই রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করতে পারেনি এনবিআর।
জুলাই মাসের শুরু থেকে আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশজুড়ে ছাত্র-জনতার আন্দোলন হয়। তখন প্রায় সবকিছু বন্ধ ছিল বললেই চলে। সাধারণ ছুটির পাশাপাশি কারফিউও ছিল বেশ কয়েক দিন। এসবের প্রভাব পড়েছে শুল্ক-কর আদায়ে। আগস্ট মাসের প্রথম সপ্তাহে সরকার পরিবর্তনের পরও আবার ব্যবসা–বাণিজ্যের ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দেয়। যে কারণে কাঙ্ক্ষিত হারে রাজস্ব আদায় করা যায়নি বলে জানান এনবিআরের শুল্ক ও কর বিভাগের কর্মকর্তারা।
এনবিআরের হিসাব অনুসারে, গত জুলাই-সেপ্টেম্বর সময়ে এনবিআরের মোট রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৯৬ হাজার ৫০০ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৭০ হাজার ৯০৩ কোটি টাকা। এ সময়ে রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে ২৫ হাজার ৫৯৭ কোটি টাকা।
* তিন মাসে আদায়ের লক্ষ্য ছিল ৯৬,৫০০ কোটি টাকা, আদায় হয়েছে ৭০,৯০৩ কোটি টাকা।
* এবার ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের চেয়ে ৪,৫৮৫ কোটি টাকা কম আদায়।
* আলোচ্য সময়ে সর্বোচ্চ সাড়ে ১০ হাজার কোটি টাকা ঘাটতি হয়েছে আয়কর খাতে।
* আইএমএফের শর্ত পূরণে ডিসেম্বরের মধ্যে রাজস্ব আদায় বৃদ্ধির কৌশল ঠিক করতে হবে।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এর আগের ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের চেয়েও কম রাজস্ব আদায় হয়েছে। গতবার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সব মিলিয়ে ৭৪ হাজার ৪৮৮ কোটি টাকার শুল্ক-কর আদায় হয়েছিল। এর চেয়ে ৪ হাজার ৫৮৫ কোটি টাকা কম আদায় হয়েছে এবার, অর্থাৎ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।
তিন মাস ধরে মন্দা
চলতি ২০২৪–২৫ অর্থবছরের পুরো প্রথম প্রান্তিকেই (জুলাই–সেপ্টেম্বর) রাজস্ব আদায়ে মন্দাভাব চলছে। কোনো মাসেই রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করতে পারেননি কর ও শুল্ক কর্মকর্তারা।
জুলাই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ২৫ হাজার ৫৬৯ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ২০ হাজার ২৬৯ কোটি টাকা। অর্থবছরের প্রথম মাসেই রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে পাঁচ হাজার কোটি টাকার বেশি।
পরের মাস আগস্টেও একই অবস্থা দেখা গেছে। ওই মাসে ৩১ হাজার ৬০৭ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ২১ হাজার ৬২৯ কোটি টাকা। ওই মাসে রাজস্ব আয়ে প্রায় ১০ হাজার কোটি টাকার ঘাটতি হয়।
সর্বশেষ গত সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৩৯ হাজার ৩২৪ কোটি টাকা। আদায় হয়েছে ২৯ হাজার ২ কোটি টাকা। এই মাসেও রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে ১০ হাজার কোটি টাকার বেশি।

Comments
Post a Comment